সাম্প্রদায়িক সহিংসতার ইন্ধনদাতাদের শাস্তি দাবি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১-এর
সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রকৃত ইন্ধনদাতা ও গুজব রটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১। একই সঙ্গে দেশের ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের পূর্ণ সাংবিধানিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। ভবিষ্যতে কখনোই যেন এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের সময় ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তি যেভাবে নগ্ন হামলা চালিয়েছে, তা কেবল দুর্ভাগ্যজনক ও বর্বরোচিতই নয়, একই সঙ্গে দেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য লজ্জা ও চরম উদ্বেগের। এ ধরনের পরিকল্পিত হামলা মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের জঙ্গি দোসরদের কাপুরুষোচিত তাণ্ডবকে স্মরণ করিয়ে দেয়।
বিবৃতিতে বলা হয়, সেক্টর কমান্ডারস ফোরাম এসব ঘটনাকে বাংলাদেশের উদার ধর্মীয় সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের রক্তরঞ্জিত অর্জনগুলোর বিরুদ্ধে সুপরিকল্পিত আগ্রাসন বলে মনে করে। তাই ফোরাম স্বল্পতম সময়ে প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তারসহ সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে শাস্তির জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে সব বীর মুক্তিযোদ্ধা ও অসাম্প্রদায়িক সংগঠনকে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।