সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ, প্রশাসনিক ও পুলিশি ব্যর্থতার তদন্ত দাবি
বাঙালি হিন্দুদের শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লায় হামলার পর হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও নোয়াখালী ও রংপুরে হিন্দুদের বাড়িঘর, মন্দির, মণ্ডপ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। অভিযোগ উঠেছে, এসব হামলা ঠেকাতে প্রশাসন ও পুলিশ উদাসীনতা দেখিয়েছে। এই প্রশাসনিক ও পুলিশি ব্যর্থতার তদন্ত দাবি করা হয়েছে। পাশাপাশি বারবার সাম্প্রদায়িক হামলা হলেও কাদের ইন্ধনে এসব হামলা হয়, তা সামনে আসে না। এবারের ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে বা উৎস জানতে গণতদন্ত কমিটি বা নাগরিক কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় এসব কথা বলেন দেশের বিশিষ্টজনেরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন। সাম্প্রদায়িক হামলা ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সভায় কয়েকজন অনলাইনে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল ধর্মনিরপেক্ষ হবে বলে। আজকে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলতেও সাহস পাই না। আমরা বড়জোর অসাম্প্রদায়িকতার কথা বলতে পারি। তিনি বলেন, পরিস্থিতি যে এত ভয়াবহ, তা আমরা অনুধাবন করতে পারিনি। যারা এই অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে। পাশাপাশি প্রশাসনিক ও পুলিশি ব্যর্থতার তদন্ত হওয়া দরকার।
জানতে পারলাম, প্রতিটি পূজামণ্ডপে আনসার ছিল দুজন। প্রথমে তারা মোবাইল (ভ্রাম্যমাণ) ছিল। আনসাররা মোবাইল থাকবে, সেটা আমি কোনো দিন শুনি নাই।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, দেশের চারটি জেলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জানতে পারলাম, প্রতিটি পূজামণ্ডপে আনসার ছিল দুজন। প্রথমে তারা মোবাইল (ভ্রাম্যমাণ) ছিল। আনসাররা মোবাইল থাকবে, সেটা আমি কোনো দিন শুনি নাই। অষ্টমীর দিন সকালে গোলযোগের সূত্রপাত হয়। তারপর সারা দেশে রেড অ্যালার্ট দেওয়ার কথা। তারপর দশমীর দিন নোয়াখালীতে মন্দিরে হামলা হয় কীভাবে? এ সবকিছু প্রশাসনিক দৈন্যর ফল।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, হিন্দুদের মন্দির–বাড়িঘর–দোকানপাটে হামলায় পুলিশ কোথাও ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। শত শত মানুষকে গ্রেপ্তার করা মানে এর বিচার হবে না। কোনোভাবেই এর বিচার শেষ করা সম্ভব হবে না। এখানে পুলিশের গ্রেপ্তার–বাণিজ্য হবে। ঘটনা ঘটিয়েছে এমন মূল ১০ জনকে আসামি করে মামলা করলে এর বিচার সম্পন্ন করা সম্ভব হতো।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা অবস্থান নিই। কারও বিরুদ্ধে নয়, মানসিকতা পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা সমুন্নত রাখার কথা বলি। তা ছাড়া সাম্প্রদায়িক হামলার ঘটনায় তরুণেরাও জড়িত ছিল। তারা ভয়াবহ ঝুঁকির মধ্যে। শুধু উগ্রবাদের দিকে নয়, মাদকাসক্তেও ঝুঁকে পড়েছে। তরুণদের রক্ষা করা দরকার।
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান, আইনের শাসন—এই চারটি জায়গাতে আমরা মারাত্মক বিপর্যয়ের মধ্যে আছি। দেশে ভিন্ন পরিচয়ের, ভিন্নমতের কোনো জায়গা রাখা হয়নি। তিনি বলেন, এখানে জবাবদিহি নেই, গণতন্ত্রকে নামকাওয়াস্তে বাঁচিয়ে রাখা হয়েছে। যখন নিউজিল্যান্ডে মসজিদে হামলা হলো, সেখানে তাৎক্ষণিকভাবে সে দেশের প্রধানমন্ত্রী ছুটে গেছেন। যেখানেই এ রকম একটা জাতিগত সহিংসতা হয়, সেখানেই কিন্তু রাষ্ট্রপ্রধানেরা দায়িত্ব নেন এবং যান। যাতে মানুষগুলো সাহস সঞ্চয় করতে পারে। আর এখানে একজন এসপি পাঠিয়ে দিলেই খুশি হয়ে গেলেন! আমরা কি আশা করতে পারি না আমাদের রাষ্ট্র, সরকারপ্রধান, পুলিশপ্রধান সেখানে যাবেন?
বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ বলেন, আপনারা যে বলছেন, হামলার সময় এসপি, ডিসিকে পাওয়া যায়নি। কেমন করে পাওয়া যাবে, নির্দেশ আসেনি তো। নির্দেশটা কে দেয়? নির্দেশ দেয় রাজনীতিবিদেরা। জনগণের রাজনীতি যেখানে অনুপস্থিত, সেখানে আর কী হবে বলেও আক্ষেপ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের সংবিধানে ধর্ম এসেছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার এসেছে। পরবর্তীকালে দেশে সংকীর্ণ রাজনীতির স্বার্থে ধর্মীয় অপশক্তির সঙ্গে যেসব মীমাংসা হয়েছে বা প্রশ্রয় দেওয়া হয়েছে, সেই প্রবণতার কারণে আজকে এই পরিস্থিতির তৈরি হয়েছে। এই সাম্প্রদায়িক হামলা বিচ্ছিন্ন ঘটনা, তা আমি মানতে রাজি না।
একের পর এক সাম্প্রদায়িক হামলা ঘটলেও এর উৎস জানা যাচ্ছে না উল্লেখ করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, একটি গণতদন্ত কমিটি বা তদন্ত পরিষদ হতে হবে। সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার সত্যতা উদ্ঘাটন করতে হবে। বিশেষভাবে বলব, এর উৎস কারা। আমরা উৎসটা উন্মোচন করছি না।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এ কথা বলার অধিকার, সামর্থ্য আমরা ক্রমশ হারিয়ে ফেলছি।
সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মনোবল না হারিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এই সাম্প্রদায়িক হামলা বিচ্ছিন্ন ঘটনা, তা আমি মানতে রাজি না।
নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ঘটনা তদন্তের জন্য নাগরিক কমিশন বা জুডিশিয়ারি কমিশন করা জরুরি। কমিশন দরকার এই কারণে যে জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরা। কমিশনের মাধ্যমে তুলে ধরা যে তারা দায়ী। আমরা অপরাধীদের নাম চাই। যাদেরকে মানুষ সম্মান করে ও তথ্য নির্ভুল উঠে আসবে, এমন ব্যক্তিদের দিয়ে কমিশন করতে হবে।
পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কুসুমকুমারী দাশের মতো হিন্দু সম্প্রদায়ের লেখকদের বাদ দেওয়া থেকেই বোঝা যায়, আমরা কোথায় আছি—মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
প্রধানমন্ত্রী বলার পরও কেন হামলা হলো, এমন প্রশ্নের জবাবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রশাসনে কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলেই তা ব্যবহার করে।
এবারের সাম্প্রদায়িক সহিংসতার প্রভাব তুলে ধরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আমার এক ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সে রংপুরে দুর্গাপূজা করার জন্য গেছে। সে আমাকে মেসেজ দিয়েছে যে স্যার, আমরা মা, বাবা, ভাই, বোন, বন্ধুসহ ১০-১২ জন আসব, রাতে আসা নিরাপদ কি না। আমি বলেছি, কোনো অবস্থায় নিরাপদ না। আমি বলেছি, তোমরা দিনে মাইক্রোবাসে আসো। তারা শাঁখা খুলেছে, সিঁদুর পরা ছাড়া এসেছে।
দশমীর দিন বেলা দুইটার পর তিন থেকে চার ঘণ্টা নারকীয় তাণ্ডব চলে। একের পর এক মন্দির, একের পর এক জায়গায় হামলা হয়েছে। আমি সাংসদকে ফোন করেছি, তাঁর নম্বর বন্ধ ছিল। আমি ডিসির নম্বর বন্ধ পেয়েছি। ইউএনওর নম্বর প্রথমে বন্ধ পেয়েছি, পরে ব্যস্ত পেয়েছি। এসপি, ওসিকেও পাইনি। সাতজন মন্ত্রীকে ফোন–এসএমএস করেছি, কাউকে পাইনি।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। যেকোনো সময় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে। তিনি বলেন, বলা হচ্ছে, সম্প্রতি হিন্দুদের ওপর হামলা দুষ্কৃতকারীরা করেছে। এই দুষ্কৃতকারীদের পেছনে রাজনীতিক আছে। রাজনৈতিক শক্তি সহযোগিতা না করলে এমন ঘটনা ঘটানো অসম্ভব ছিল।
ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী বলেন, আমার এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ। নবমীর দিন আমি বেগমগঞ্জের ইউএনওর কাছে যাই। তাকে বলেছি, আমরা শঙ্কিত। কারণ, আপনি যে পুলিশের কথা বলছেন, তাকে আমাদের মণ্ডপে দেখছি না। পুলিশ স্ট্রাইকিং ফোর্স। যখন তিনি এসব কথা বলছিলেন, তখনো মিছিল হচ্ছিল। দশমীর দিন বেলা দুইটার পর তিন থেকে চার ঘণ্টা নারকীয় তাণ্ডব চলে। একের পর এক মন্দির, একের পর এক জায়গায় হামলা হয়েছে। আমি সাংসদকে ফোন করেছি, তাঁর নম্বর বন্ধ ছিল। আমি ডিসির নম্বর বন্ধ পেয়েছি। ইউএনওর নম্বর প্রথমে বন্ধ পেয়েছি, পরে ব্যস্ত পেয়েছি। এসপি, ওসিকেও পাইনি। সাতজন মন্ত্রীকে ফোন–এসএমএস করেছি, কাউকে পাইনি। তখন আমার মনে হয়েছে, আমাদের কেউ নাই।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বাংলাদেশে একটা জাতিগত সংখ্যালঘু কমিশন হোক। ভারতে এই কমিশন হয়েছে ১৯৯২ সালে। যাতে আমরা একটা ঠিকানা খুঁজে পাই যে সংখ্যালঘু কমিশন এই ঘটনাগুলো দেখবে।
রাঙামাটির রানী ইয়াং হিয়াং বলেন, খুব লজ্জার সঙ্গে বলতে হয়, স্বাধীনতার এত বছর পরেও সংখ্যালঘু হওয়ার কারণে আমাদেরকে এ ধরনের ঘটনার মধ্য দিয়ে যেতে হয়। মাতৃভূমিতে সংখ্যালঘুরা নিরাপদ বোধ করেন না। জাতিগতভাবে যারা সংখ্যালঘু আছি, তারাও নিরাপদবোধ করি না।
অনুষ্ঠানে আরও কথা বলেন ময়মনসিংহ–৮ আসনের সাংসদ ফখরুল ইসলাম, ব্র্যাকের সাবেক ভাইস চেয়ারপারসন ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সিপিডির বোর্ডের সদস্য পারভীন মাহমুদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রধানবিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবনাথ।