সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে পাঁচ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক সহিংসতা কঠোর হাতে দমনসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে ৪৭ জন বিশিষ্ট নাগরিক ও রাজনীতিক।
গতকাল শনিবার ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য স্বাাক্ষরিত এই বিবৃতিটি দেওয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা পাঁচ দাবি হচ্ছে: এক. সাম্প্রদায়িক সহিংসতা ও পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার সব চেষ্টা কঠোর হাতে দমন করা। দুই. সব উপদ্রুত অঞ্চলে আইনশৃঙ্খলা বিনষ্টকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইন বা সন্ত্রাস দমন আইনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনমনে আস্থা সৃষ্টি। তিন. জামায়াত-শিবিরকে নিষিদ্ধ এবং তাদের অর্থায়নের সব ধরনের উৎস বন্ধ করা। চার. সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার বিষটি খতিয়ে দেখে ভবিষ্যতের জন্য সরকারি অনুশাসন জারি করে সতর্ক করে দেওয়া। পাঁচ. নির্বাচনকালে সহিংতায় ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সরকারি সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করা।
বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন: সৈয়দ আনোয়ার হোসেন, মুনতাসীর মামুন, অজয় রায়, পঙ্কজ ভট্টাচার্য, আয়শা খানম, রমনী মোহন দেবনাথ, বিচারপতি গৌর গোপাল সাহা, বিচারপতি আমিরুল ইসলাম, সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক আলী, আবুল কাশেম, শওকত আরা হোসেন, নূর মোহাম্মদ তালুকদার, নিতিশ দেবনাথ, শহিদুল্লাহ শিকদার, শহীদজায়া মুশতারী সফি, সঞ্জীব দ্রং, শাহীন রেজা নূর, রবীন্দ্র সরেন, নুমান আহম্মদ খান, রাজীব মীর, রণেশ মৈত্র, ঊষাতন তালুকদার, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
বিবৃতিদাতারা বলেন, যুদ্ধাপরাধীদের রায় ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সর্বাত্মকভাবে বেপরোয়া হয়ে ওঠে। ৫ জানুয়ারির নির্বাচনের আগেও তারা হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা, রাহাজানি ও বাড়িঘরে আগুন দিচ্ছে। নির্বাচনের পর সাতক্ষীরা, লক্ষ্মীপুর, যশোর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অমানবিক সহিংসতার সৃষ্টি করে। এটা অব্যাহতই আছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, এই অবস্থা চলতে দেওয়া যায় না। গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রয়োজনেই এই অবস্থার অবসান হওয়া দরকার।’ বিজ্ঞপ্তি।