সাম্প্রদায়িক সহিংসতায় কারও শাস্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত কোনো আসামির শাস্তি হয়নি। এ নিয়ে সহিংসতার শিকার ব্যক্তিরা হতাশা প্রকাশ করে জড়িতদের শাস্তি দাবি করেছেন। অপরদিকে পুলিশ দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে দাবি করলেও বাদীরা বলছেন তাঁদের জানা নেই।
রাঙামাটি সরকারি কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশোভন দেওয়ান, তৎকালীন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম রাঙামাটি জেলা শাখার সভাপতি ও বর্তমান রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, লংগদু আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, সাংবাদিক হিমেল চাকমাসহ শতাধিক আদিবাসী ও বাঙালি আহত হন।
এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), সাংবাদিক হিমেল চাকমা ও ইউনিয়ন পরিষদ ফোরাম রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় কয়েকজনকে আটক করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
সহিংসতায় আহত রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, ‘ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়া হতাশাজনক। দায়মুক্তির সংস্কৃতি অপরাধপ্রবণতা বাড়ায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি অপরাধীদের শাস্তি না হয়, তাহলে এ ধরনের আরও ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা থেকে যায়।’
সাংবাদিক হিমেল চাকমা বলেন, ‘ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। মামলার তদন্ত কর্মকর্তা কয়েকবার পরিবর্তন হয়েছে। প্রতিবারই তদন্ত কর্মকর্তা আমার সঙ্গে একবার দেখা করে দায় সারেন। মামলার কোনো অগ্রগতি হয় না।’
বিএমএর পক্ষ থেকে দায়ের করা মামলার বাদী রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা জানান, মামলার অগ্রগতি কী। আদৌ তদন্ত হচ্ছে কি না, তা তাঁর জানা নেই। কোনো তদন্ত কর্মকর্তা তাঁর সঙ্গে কখনো দেখা করেননি।
ঘটনার পরদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তের মাধ্যমে সহিংসতায় জড়িত বলে নয়জনকে চিহ্নিত করে। তাঁরা হলেন শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশুকল্যাণ কেন্দ্রসংলগ্ন মৃত মুজিবুল হকের ছেলে ফরহাদ (২৫), হ্যাপির মোড় এলাকায় মোহাম্মদপুরের ফরিদের ছেলে হাসান (২৩), মো. ফারুকের ছেলে মো. মানিক (২৮), জেলা পরিষদ কার্যালয়ের নিচের এলাকার মো. আবদুল হাকিমের ছেলে ফরিদুল ইসলাম (৪২), কাঁঠালতলী এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪২), ভেদভেদী পোস্ট অফিস কলোনির মকবুল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০), রাঙামাটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন চাকমা, রাজমণিপাড়ার করুণাময় চাকমার ছেলে বিদ্যুৎ চাকমা ও একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মো. সুলতান।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা তদন্ত করে যা পেয়েছি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছি। আমরা চাই অপরাধীদের শাস্তি হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে ব্যবস্থা নেবে। মামলার অগ্রগতি এবং আসামিরা জামিনে আছে কি না, তা পুলিশ প্রশাসন থেকে জানাতে পারবে।’
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘তিনটা মামলার মধ্যে দুইটার চার্জশিট দেওয়া হয়েছে। একটার তদন্ত চলমান রয়েছে।’
মামলার আসামিরা জামিনে রয়েছে বলে পুলিশ সুপার জানান।