বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, দেশে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পাঁচ গুণ বেশি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পরপরই সরকারি দল দোষ চাপিয়েছে বিএনপি-জামায়াতের ওপর। অথচ নাসিরনগরের ঘটনা সরকারি দলের মন্ত্রী-এমপির দ্বন্দ্বের কারণে ঘটেছে।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রানা দাশগুপ্ত। এই সম্মেলনে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রানা দাশগুপ্ত বলেন, ‘আওয়ামী লীগের টিকিটে জামায়াতের ১৭২ জন রোকন গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে জামায়াতের পাঁচ হাজার লোক আওয়ামী লীগে ঢুকে গেছে। বিএনপিকে জামায়াত ছাড়তে হবে। আর আওয়ামী লীগকে দলে জামায়াতের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।’
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন। উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শচীন কর্মকার।
সম্মেলন শেষে রজত কান্তি ভট্টাচার্যকে সভাপতি ও গৌরা দে-কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।