সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সরকারের প্রতি সিপিবির আহ্বান
‘রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার’ কাজে মনোযোগী হওয়ার পরিবর্তে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করতে তত্পর হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি।
আজ বুধবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ আহ্বান জানান। দেরি না করে অবিলম্বে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ, সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, দায়িত্বে অবেহলার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বিবৃতিতে সিপিবি নেতারা আরও বলেন, ‘সাম্প্রদায়িক হামলার জন্য প্রধানত দায়ী স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। বিএনপি এই অশুভ শক্তিকে আশ্রয় দিয়ে চলেছে। তাই সংখ্যালঘুদের ওপর হামলার দায় বিএনপিকেও নিতে হবে। আওয়ামী লীগ সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’-এর বিধান বহাল রেখে সাম্প্রদায়িক শক্তিকে ভুল বার্তা দিয়েছে। তারাও দায় এড়াতে পারে না।’
সরকার সেনাাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাখ লাখ সদস্যকে মাঠে রেখেও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। নির্বাচন-উত্তর সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কার কথা আগে থেকে জানা থাকলেও, নির্বাচন কমিশন নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন সিপিবির এই দুই নেতা।
সাম্প্রদায়িকতা প্রতিরোধে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।