সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে প্রথম আলো ঢাকা বন্ধুসভা। গত মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। ‘সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও’ এ স্লোগানে আয়োজিত আধা ঘণ্টার মানববন্ধনে ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধু অংশ নেন।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আহমেদ হেলাল বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবাসে। ভালবাসার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নেব। যেকোনো ক্রান্তিলগ্নে বন্ধুসভার বন্ধুরা এগিয়ে আসবে।’
নির্বাহী সভাপতি সাইদুজ্জামান বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা আধুনিক সমাজ চায় না। আমরা সবাই মিলে একটি আধুনিক সোনার বাংলাদেশ গড়ব।’ প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, ‘শুধু সংখ্যালঘুদের ওপর হামলা হয়নি, যারা দরিদ্র তাদের ওপরও হামলা হয়েছে।’
বন্ধুদের শুভেচ্ছা জানান বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের, অরুণ কুমার বিশ্বাস, হাসান মাহমুদ ও জাবেদ সুলতান।