সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

‘সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও’ স্লোগান সামনে রেখে প্রথম আলো ঢাকা বন্ধুসভা আজ মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন পালন করেছে। দুপুর পৌনে ১২টায় থেকে আধাঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানাতে ও অবিলম্বে হামলা বন্ধের দাবিতে এ মানববন্ধন। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধু মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলা আধুনিক সমাজ চায় না। আমরা সবাই মিলে একটি আধুনিক সোনার বাংলাদেশ গড়ব।’
প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু সংখ্যালঘুদের ওপর হামলা হয়নি, যারা দরিদ্র তাদের ওপরও হামলা হয়েছে। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্যই কাজ করে যাচ্ছি।’
বন্ধুদের শুভেচ্ছা জানান প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের, অরুণ কুমার বিশ্বাস, হাসান মাহমুদ ও জাবেদ সুলতান পিয়াস।