ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু এলাকা পরিদর্শন
সাম্প্রদায়িক হামলা সার্বভৌমত্বের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন চালানো হয়েছে, এটি নিছক নির্বাচনী বা রাজনৈতিক সহিংসতা নয়, এটি জঙ্গিবাদ। রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে একধরনের অঘোষিত যুদ্ধ। গতকাল বুধবার বিকেলে দিনাজপুরের কর্নাই গ্রামে নির্যাতনের শিকার হিন্দু সংখ্যালঘু এলাকা পরিদর্শনে এসে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যের প্রতিনিধিদল গতকাল বিকেলে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সেখান থেকে সড়কপথে বিকেল চারটায় তাঁরা দিনাজপুর সদর উপজেলার কর্নাই গ্রামে যান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন: জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, সাহিত্যিক সেলিনা হোসেন এবং কমিশনের উপপরিচালক ইমাম উদ্দিন কবীর।
প্রতিনিধিদলের সদস্যরা প্রথমে কর্নাই স্কুল বাজারে নির্বাচনের দিন বিকেলে জামায়াত-বিএনপির হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন। এরপর তাঁরা বাজারের পাশে হামলার শিকার সন্তোষ রায়ের বাড়ি যান। সেখান থেকে হামলায় ক্ষতিগ্রস্ত তেলীপাড়া, প্রীতমপাড়া, যোগীপাড়াসহ ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ঘরবাড়ি ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
হামলায় ক্ষতিগ্রস্ত সন্তোষ রায়ের বৃদ্ধা মা শমি বালা (৮৫) এ সময় কান্নায় ভেঙে পড়েন। একইভাবে হামলাকারীদের লাঠির আঘাতে আহত তেলীপাড়ার ধরনী রায়ের স্ত্রী ফুলমতি জানতে চান, ‘স্যার, হারা কি এই দেশত থাকিবা পারিমো? ভোট আসিলে হামার উপর কেনে অত্যাচার হয় স্যার?’ এ সময় মিজানুর রহমান বলেন, যারা সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিয়েছে, লুণ্ঠন-নির্যাতন চালিয়েছে, নিরীহ জনগণের ওপর আক্রমণ চালিয়েছে, তারা সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।
মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম বলেন, ‘আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি। নির্যাতিতদের সম-ব্যথায় ব্যথিত হয়ে সহমর্মিতা প্রকাশ এবং তাঁদের মনে সাহস জোগাতে এসেছি।’