সাম্প্রদায়িক হামলা হচ্ছে আওয়ামী লীগের মদদে: প্রগতিশীল ছাত্র জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট। ১৯ অক্টোবর, ঢাকা
ছবি: প্রথম আলো

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদেই হচ্ছে বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারই সাম্প্রদায়িক সহিংসতার পরিবেশ তৈরি করে দিচ্ছে। বিএনপি-জামায়াতের ওপর এসবের দায় চাপিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে চায়।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে জোটের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সমাবেশে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণসহ চার দফা দাবি জানানো হয়।

এ সময় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো প্রতিকারে সরকার কোনো উদ্যোগ নেয়নি। এসব ঘটনায় তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের কারণে মানুষের মননে সাম্প্রদায়িকতার অনুপ্রবেশ ঘটেছে। এই সরকারের শাসনামলেই পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ, কওমি জননী উপাধি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের তৈরি করা জমিতেই এখন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের চাষ হচ্ছে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই সরকার অসাম্প্রদায়িক হতে পারে না। ১৩ বছর ধরে তারা কীভাবে ক্ষমতায় আছে, তা না-ই বললাম। তাদের শাসনামলে একাধিক হামলা হলেও তারা একটি ঘটনারও বিচার করতে পারেনি। কারণ, এ হামলাগুলোর সঙ্গে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তাও এই সরকার দিতে পারবে না। সাম্প্রদায়িকতার পাশাপাশি আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে আঁতাত করে তাদের বিষবৃক্ষে পরিণত করেছে দাবি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, সরকার পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ করেছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের উসকানি দিতে দেখা গেছে। সাম্প্রদায়িক শক্তি ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়েই বেড়ে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির পাহারাদার। এদের দিয়ে প্রগতিশীলতা রক্ষা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়া যাবে না।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী দাবি করেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো আওয়ামী লীগই ঘটাচ্ছে। তিনি বলেন, এটি আওয়ামী লীগের পুরোনো খেলা, তারা উসকানি তৈরি করে সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটায়। তাদের এই খেলাকে প্রতিহত করতে হবে। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। বিএনপি-জামায়াতের ওপর এসবের দায় চাপিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে চায়।

সমাবেশ থেকে ছাত্র জোট নেতারা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো সারা দেশে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করা, এর সঙ্গে জড়িত ও মদদদাতাদের গ্রেপ্তার-বিচার করা এবং হামলা-লুটপাটের দায় সরকার ও পুলিশ-প্রশাসনকে নিতে হবে। সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতা-কর্মীরা।

এর আগে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ-সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এতে নেতৃত্ব দেন।

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েক শ শিক্ষার্থী এতে অংশ নেন। এই কর্মসূচি থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার দাবি জানানো হয়।

‘রংপুরে জেলেপল্লিতে অগ্নিসংযোগ, মন্দিরে হামলা ও ভাঙচুর, প্রতিবাদী জনতার ওপর নির্বিচারে গুলি এবং পরিকল্পিতভাবে পবিত্র কোরআনের অবমাননা ঘটিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত বিচারের দাবিতে’ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।