সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসদের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে নোয়াখালী শহরে লাল পতাকা মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো
বাসদের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে নোয়াখালী শহরে লাল পতাকা মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও গাইবান্ধায় সাঁওতাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাসদ (মার্ক্সবাদী)। গতকাল বুধবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে শহরের টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
সভায় বাসদ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিটুল তালুকদার, ছাত্রফ্রন্ট জেলা আহ্বায়ক মোবারক করিম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতাযুদ্ধে বিজয়ী লড়াকু জাতি পুঁজিবাদী শাসনের কাছে পরাজিত হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর নির্যাতন করা হচ্ছে। সাম্প্রদায়িক হামলার এসব ঘটনার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তাঁরা।
সভার আগে সংগঠনের উদ্যোগে টাউন হল মোড় থেকে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।