সাম্প্রদায়িক হামলার জন্য সরকার ও বিরোধী দল উভয়েই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ব্যাপারে সরকার ও প্রধান বিরোধী দল উভয়কে দায়ী করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের নেতারা অভিযোগ করেন, সরকার হামলার জন্য দায়ী চক্রকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিবৃতিতে মন্দির ও দেব-দেবীর প্রতিমা ভাঙচুরের নিন্দা জানিয়ে বাম মোর্চার নেতারা বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অব্যাহত নির্যাতনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে কেবল বক্তৃতা-বিবৃতি দিয়ে যাচ্ছে। বিপরীতে প্রধান বিরোধী দল সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত ব্যক্তিদের জন্য মায়াকান্না কাঁদছে। কিন্তু নানাভাবে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিচ্ছে। সরকার ও বিরোধী দল পাল্টাপাল্টি দোষারোপের মাধ্যমে ‘অন্তসারশূন্য জনবিচ্ছিন্ন’ রাজনীতিকে জিইয়ে রাখছে। উভয়পক্ষই মূলত এ সাম্প্রদায়িক হামলার ইন্ধন জোগাচ্ছে।