সাম্প্রদায়িক হামলার দায় নিয়ে ক্ষমা চাইলেন মিজানুর

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে করজোড়ে ক্ষমা চাইলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এ ক্ষমা চান। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ দেশে সব ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে অনেক সময় দুর্বৃত্তরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। এ দেশের নাগরিক হিসেবে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের দায় আমরা কিছুতেই এড়াতে পারি না। সেই দায় থেকেই আপনাদের ওপর হামলা-নির্যাতনের জন্য আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি।’
মিজানুর রহমান বলেন, যারা দেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালায়, তাদের রাজনৈতিক পরিচয় নেই। দেশের মানুষের কাছে তারা অপরাধী হিসেবে পরিচিত। কোনো রাজনৈতিক দল দেশের নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন চালানোর অনুমতি দিতে পারে না। তিনি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় বিচারের সম্মুখীন করতে হবে। হামলায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কমিশনের উপপরিচালক ইমাম উদ্দিন কবীর। মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা দেউনিয়া বাজারে ৫ জানুয়ারি নির্বাচনের দিন বিএনপি-জামায়াতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন। তাঁরা হামলার শিকার মনো প্রসাদ রায়ের বাড়ি যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এ সময় ভুক্তভোগী দুর্গা মনি প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশেত ভোট আসিলেই হামাক ভয় দেখাবে, মারধর করিবে, বাড়িঘর, দোকান জ্বালাবে। হামরা হিন্দু, সংখ্যায় কম বলিয়াই কি মুখ বুজে মার খায়ে যাবা হবে। তোমারলাক পাশত দেখিয়া এলা হামার ভয় কাটিয়া গেইছে।’