সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঐক্য পরিষদ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। পরে সেখান থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাউফল (পটুয়াখালী): বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার ইলিশ চত্বরে ঐক্য পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ লোক উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ: বেলা ১১টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে উপজেলার পশ্চিমপাড় কেন্দ্রীয় কালীমন্দিরের সামনে মানববন্ধন করে উদীচী শিল্পীগোষ্ঠী। পরে সমাবেশে বক্তব্য দেন উদীচীর কোটালীপাড়া শাখার সাবেক সভাপতি আবদুল ওহাব মিয়া, সাধারণ সম্পাদক অশোক কর্মকার প্রমুখ।
নড়াইল: বেলা ১১টায় জেলা শহরের ছয়টি স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং বাঁচতে শেখার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়।
পিরোজপুর: পিরোজপুর জেলা আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন আইনজীবী চণ্ডীচরণ পাল, এম এ মান্নান, আলাউদ্দিন খান, মতিউর রহমান প্রমুখ।
ঝিনাইদহ: শহরের বারোয়ারি পূজা মন্দির প্রাঙ্গণ থেকে সকালে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশ করে।
ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১১টায় ঐক্য পরিষদ, সচেতন নাগরিক সমাজ ও সনাতন সংঘ মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরাসহ এতে সর্বস্তরের লোকজন অংশ নেন।