সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ত্রিশালে বন্ধুসভার মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালে সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ত্রিশাল প্রথম আলো বন্ধুসভা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এতে নির্বাচন-পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানানো হয়। মানববন্ধনে এ ধরনের হামলা রুখে দাঁড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, এ দেশে হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করেন। তাঁদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবুও নির্বাচন এলেই এ ধরনের হামলা হয়। সব সচেতন মানুষই এর প্রতিকার চান।
মানববন্ধনে অংশ নেন ত্রিশালের নজরুল কলেজের অধ্যাপক আবদুল আউয়াল, নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সাংবাদিক শামীম আজাদ আনোয়ার, খোরশিদুল আলম, রফিকুল ইসলাম, রেজাউল করিম, এইচ এম জোবায়ের হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।