সাম্প্রদায়িক হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ হয়। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা মার্টিন হীরক চৌধুরী নির্বাচিত সাংসদদের সমালোচনা করে প্রশ্ন তোলেন, ‘যাদের ভোটে আপনারা নির্বাচিত হলেন, সেই মানুষগুলোকে নিরাপত্তাহীনতায় রেখে শপথ নিতে ঢাকায় গেলেন কোন বিবেচনায়?’ সমাবেশ শেষে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় উদীচীর চুয়াডাঙ্গা সংসদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। মানববন্ধন শেষে শহরে মিছিল বের হয়।
নড়াইল: শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে সকালে উদীচী শিল্পীগোষ্ঠী এবং সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গণসংগীত, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান, মলয় কুন্ডু প্রমুখ।
বরগুনা: বেলা ১১টায় ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে শহরের বন্দর ক্লাব চত্বর থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন, জেলা সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহজাহান, ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ কর্মকার প্রমুখ।
মাগুরা: সকালে ঐক্য পরিষদ, পূজা উদ্্যাপন পরিষদ এবং হিন্দু মহাজোট শহরের নতুন বাজার কালীবাড়ি এলাকা থেকে কালো পতাকাসহ মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ করে।
ঝিনাইদহ: বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারোয়ারী পূজা মণ্ডপ থেকে কালো পতাকা মিছিল বের করে ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদ। মিছিলটি শহর ঘুরে স্থানীয় পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং এনজিও কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
খুলনা: বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহম্মদ ফায়েকুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আলমগীর প্রমুখ।
বরিশাল: বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজের (সনাক) ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সনাকের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঐক্য পরিষদের পক্ষে মৃণাল কান্তি সাহা, নারীনেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ।
রাজবাড়ী: বেলা সাড়ে ১১টায় বালিয়াকান্দি উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা শ্রী কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাট: সকালে শহরের সাধনার মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদ এবং ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
পিরোজপুর: শহরের ক্লাব সড়কে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। পরে শহীদ মিনার চত্বরে সুবল সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর ইউসুফ আলী মৃধা, ঐক্য পরিষদের নেতা গোপাল রায় প্রমুখ।
গৌরনদী (বরিশাল): সকালে গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অপরদিকে গৌরনদী থানা প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে মতবিনিময় সভা হয়।
পাথরঘাটা (বরগুনা): শহরের সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করে ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদ। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। পরে শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করা হয়।