সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, উপাসনালয় ভাঙচুরসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে তাঁরা এ দাবি তোলেন।
৬৮টি নারী ও মানবাধিকার সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য কমিটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানানো হয়েছে।
বক্তারা মন্তব্য করেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী একটি সহিংস, নৈরাজ্যকর ও আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন কেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নির্বাচনের আগে ও পরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তা ছাড়া প্রশাসন কেন হামলা প্রতিহত করেনি বা করার চেষ্টা করেনি, সে প্রশ্নও তোলা হয়। নতুন সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তারা রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার তাগিদ দেন। তাঁরা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে যে সাম্প্রদায়িক হামলা চলছে, তা দেশের অনেক বড় অর্জনকে ম্লান করে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলোর পুনর্বাসনের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, ব্র্যাকের পরিচালক শীপা হাফিজা, উইমেন ফর উইমেনের সহসভাপতি নিলুফার বানু, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্্তার। বিজ্ঞপ্তি।