সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটির নেতারা নোয়াখালী এবং গাইবান্ধার সহিংসতাকবলিত এলাকা ঘুরে এসে এক প্রেস ব্রিফিংয়ে গতকাল শুক্রবার এ আহ্বান জানান। এ সময় তাঁরা দায়িত্বে অবহেলার জন্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।গতকাল সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সিপিবি ও বাসদের যৌথ প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর শুধু নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নেই ৭৩টি বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি করা হয়েছে। রাজগঞ্জ বাজারে শতবর্ষী আনন্দময়ী মন্দির এবং রক্ষাকারী মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে।রাজগঞ্জের সাম্প্রদায়িক হামলার চিত্র তুলে ধরেন বাসদ সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন। এ ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জের সহিংসতার চিত্রও তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে নেতারা বলেন, জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক হামলার উদ্দেশ্য একেবারেই রাজনৈতিক। পরিকল্পিতভাবেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ ও সিপিবির স্থানীয় নেতাদের বাড়িতে হামলা করা হয়েছে।