সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি
দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল শনিবার তাঁরা এই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব, চেরাগী পাহাড় মোড় ও দারুল ফজল মার্কেট এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম শাখা নগরের দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সভা করে। জেলা শাখার সাবেক কমান্ডার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আহমেদ ছাফা, এস এম ইলিয়াছ চৌধুরী, আবদুল কাদের শেঠ, আবুল বশর, কবির আহমেদ, শামসুদ্দিন, মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র সংঘ হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের মানুষদের ওপর হত্যা-নির্যাতন চালায়। বর্তমানেও জামায়াত-ছাত্রশিবির একই ধারাবাহিকতা বজায় রেখে হিন্দু সম্প্রদায় ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, সারা দেশের সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।
এদিকে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, অনলাইনভিত্তিক সংগঠন ক্র্যাক প্লাটুন (সিপি)। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম শাখা আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুরা যাতে দেশত্যাগে বাধ্য হয়, সে জন্য এ ধরনের হামলা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ওপর চিহ্নিত গোষ্ঠীর হামলা নতুন নয়। এই গোষ্ঠীকে শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বক্তারা হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানান।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংগঠনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী এম জাফর উল্লাহ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস প্রমুখ।
এদিকে দেশজুড়ে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশে বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে স্বাধীনতা-পরবর্তী সময়ে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের সকল ঘটনার বিচার ও বায়াত্তরের সংবিধান পুনর্বহালের দাবি জানান। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান। গণজাগরণ মঞ্চের চট্টগ্রাম শাখার সদস্য সচিব চন্দন দাশের সভাপতিত্বে ও রাশেদ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দেলোয়ার মজুমদার, শিক্ষক নেতা অশোক সাহা, মফিজুর রহমান, মঞ্চের চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আশীষ ভৌমিক প্রমুখ।