সাম্প্রদায়িকতা উপড়ে ফেলার ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে একের পর এক চলছে জাগরণের গান, কবিতা আবৃত্তি আর নাটক। মঞ্চের পাশে রাখা ক্যানভাসে রংতুলির আঁচড়ে সাম্প্রদায়িকতাবিরোধী চিত্র ফুটিয়ে তুলছেন বিশিষ্ট শিল্পীরা। তার সামনে রাখা ক্যানভাসে ইচ্ছেমতো আঁকছেন শিশুরা। পাশেই চলছে পোস্টার প্রদর্শনী। মাঝে মাঝে মঞ্চে উঠে একাত্মতা প্রকাশ করছেন রাজশাহীর বিশিষ্টজনেরা।

এমন সব আয়োজনের মধ্যে দিয়ে সকলে মিলে ডাক দিলেন সাম্প্রদায়িকতার শেকড় উপড়ে ফেলার। আজ সোমবার বিকেলে রাজশাহী নগরের কুমারপাড়া পদ্মারপাড়ে অবস্থিত রবীন্দ্র-নজরুল মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করে ইলামিত্র শিল্পী সংঘ।
‘সাম্প্রদায়িকতা একটি বিষবৃক্ষ, আসুন শেকড়সুদ্ধ উপড়ে ফেলি’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, প্রবীণ অধ্যাপক সুব্রত মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর বিলকিস বানু প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে কোনোভাবেই বাংলাদেশকে কলুষিত হতে দেওয়া যাবে না। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িকতাকে মোকাবিলা করতে হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে- এই বিশ্বাস নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক রাজনীতিকে না বলার আহ্বান জানিয়ে নাটক মঞ্চস্থ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদল। নাটকটিতে তুলে ধরা হয়, সারা দেশের মানুষের জাগরণের ফলে কীভাবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিরা পালিয়ে যাচ্ছে। ‘জাগরণের পালা’ নামের নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেন ও সুশান্ত কুমার অধিকারীর নেতৃত্বে একদল শিক্ষার্থী অংশ নেন সাম্প্রদায়িকতাবিরোধী চিত্রকর্ম অঙ্কনে। সাদা ক্যানভাসে তারা ফুটিয়ে তোলেন সাম্প্রদায়িকতার ভয়াবহতা। সহমর্মিতা প্রকাশ করেন সাম্প্রদায়িকতার শিকার ব্যক্তিদের প্রতি। তার বিপরীত দিকে মাঠে রাখা হয় একটি সাদা ক্যানভাস। সেখানে শিশুরা মেতে ওঠেন রঙ-তুলির খেলায়। কেউ আঁকে জাতীয় পতাকা, কেউবা বাড়ি-ঘর, গাছপালা।
‘আর নয় রক্তক্ষরণ, আসুন সাম্প্রদায়িকতাকে না বলি’, স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই’, ‘খ্রিষ্টান বৌদ্ধ হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই’ এমন সব স্লোগান সমৃদ্ধ পোস্টার নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। ‘সাম্প্রদায়িকতা একটি বিষবৃক্ষ, আসুন শেকড়সুদ্ধ উপড়ে ফেলি’ শীর্ষক এই পোস্টার প্রদর্শনীতে স্থান পায় চারুকলা বিভাগের ৫৬ জন শিক্ষার্থীর আঁকা পোস্টার।
বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে গান ও কবিতা আবৃত্তি করেন ইলামিত্র শিল্পী সংঘের শিল্পীরা। অনুষ্ঠানে আগত দর্শকেরা ঘুরে ঘুরে উপভোগ করেন প্রতিটি আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এস এম আবু বকর।