সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।মুহম্মদ জাফর ইকবাল তাঁর বক্তৃতায় বলেন, ‘আমি শুধু তরুণদের বলছি, সাম্প্রদায়িকতা এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য দূর করতে হবে। একজন হিন্দুর প্রতি আক্রমণ এলে প্রতিবাদ করতে হবে, বৌদ্ধের প্রতি আক্রমণ এলে প্রতিবাদ করতে হবে, খ্রিষ্টানের প্রতি আক্রমণ এলে প্রতিবাদ করতে হবে, চাকমাদের প্রতি আক্রমণ এলে প্রতিবাদ করতে হবে। কারণ, সবাইকে নিয়েই এই দেশ। এই দেশে কোনো সাম্প্রদায়িক বিভাজন থাকবে না। সবাইকে দায়িত্ব নিয়ে সে জায়গা থেকে লড়ে যেতে হবে।’ পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল দুপুরের পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হতে থাকেন। বিকেল সাড়ে তিনটায় মহাসমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতার বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়ানোর আহ্বান প্রচার করা হয়। তরুণদের প্রতি প্রবীণদের চাওয়া সম্পর্কে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা সব সময় যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আসছিলাম। দেশকে আবর্জনামুক্ত করার জন্য এই বিচার চেয়েছিলাম। যারা নৃশংসভাবে মুক্তিযুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা করেছে, মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, সেটা জানাতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য তরুণদের ভালোবাসা তৈরির জন্যই যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম। আমাদের সেই চাওয়া পূরণ হতে চলেছে। কিন্তু এখন যেটা পেলাম, তরুণদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখতে পেলাম, সেটা দেখে আমি মুগ্ধ, যারপরনাই আনন্দিত। এই তরুণেরা মাঠে নেমেছে, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’ গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবুর সঞ্চালনায় মহাসমাবেশে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভুঁইয়া, গণজাগরণ মঞ্চের সংগঠক মইনুদ্দিন আহমদ জালাল, আবদুল করিম, জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। এদিকে সিলেটের গণজাগরণ মঞ্চ থেকে মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৪ এপ্রিল গণজাগরণ মঞ্চের কর্মীরা সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে প্রচারপত্র বিলি করবেন। ১৯ এপ্রিল খাদিমনগর চা-বাগানে চা-শ্রমিক সমাবেশ। ১ মে গণজাগরণ মঞ্চে শ্রমিক-ছাত্র-জনতার মহাসমাবেশ। এসব কর্মসূচি সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ চালানো হবে।