সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ দূর না হলে নারীমুক্তির স্বপ্ন পূরণ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের বাদ দিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথ রচনা সম্ভব নয়। পুরুষের সমান তালে নারীরা কাজ করার সুযোগ পেলে মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ দূর করা না গেলে নারীমুক্তির স্বপ্ন পূরণ হবে না।পাক্ষিক অনন্যার আয়োজনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল সোমবার ‘অনন্যা শীর্ষ দশ ২০১৩’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ নারীকে সম্মাননা দিয়েছে পাক্ষিক অনন্যা।বক্তারা বলেন, সমাজে নারীর অবদান সব সময় আড়ালেই ছিল। কিন্তু কঠিন পথ পাড়ি দিয়ে নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। নেতৃত্ব থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় তাঁরা দাপটের সঙ্গে কাজ করছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এ দেশের গণতন্ত্র এখনো নিরাপদ নয়। তাই বলতে হয়, এ দেশের নারীরাও নিরাপদ নয়। আমরা এখনো যুদ্ধের ভেতরে আছি। এ যুদ্ধ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে। যাঁরা নারীমুক্তির জন্য কাজ করছেন, তাঁদের সবাইকে এ যুদ্ধে অংশ নিতে হবে।’যাঁরা নিরপেক্ষতার নামে এ যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখছেন, তাঁরা পক্ষান্তরে যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িকতাকেই সমর্থন দিচ্ছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন বলেন, জ্ঞান আহরণ ও চর্চার অধিকার থেকে এ দেশের নারীরা বঞ্চিত ছিলেন। কিন্তু ধীরে ধীরে তাঁরা সে অধিকার জয় করে নিয়েছেন।সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন—মাহফুজা খানম (নেতৃত্ব), লুনা দোহা (প্রযুক্তি উদ্যোক্তা), নুরুন্নাহার বেগম (সংগঠন), মেঘনা গুহঠাকুরতা (মানবতা), চন্দনা মজুমদার (সংগীত), ফিরদৌসী কাদরী (বিজ্ঞান), মিলি বিশ্বাস (প্রশাসন), খোরশেদা বেগম (পরিবেশ), কাশফিয়া আহমেদ (কৃষি উন্নয়ন) ও ফারজানা রূপা (সাংবাদিকতা)। সম্মাননা পাওয়া নারীরা তাঁদের প্রতিক্রিয়ায় জানান, স্বীকৃতি কাজ করার উৎসাহকে বহুগুণে বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের সভাপতি পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেন, গত ১৮ বছরে অনন্যা সমাজের ১৮০ জন নারীকে সম্মানিত করেছে। অনেক মেধাবী নারী আছেন, যাঁরা বিদেশে অনেক পুরস্কার পেলেও বাংলাদেশে তাঁদের কাজের স্বীকৃতি পান না। এমন নারীদের সম্মানিত করছে অনন্যা।