দেশে সাম্প্রদায়িকতা নির্মূল করতে সাংবিধানিক সমতা দরকার বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল বুধবার চট্টগ্রাম নগরে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।‘সাম্প্রদায়িকতা, সম্প্রীতি, মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী। গোলটেবিলে দেওয়া বক্তব্যে মিজানুর রহমান বলেন, ‘আমাদের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানের একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম, আরেকদিকে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম একসঙ্গে যায় না। সাম্প্রদায়িকতা নির্মূল করতে হলে সাংবিধানিক সমতা দরকার।’ মিজানুর রহমান বলেন, দেশ সাম্প্রদায়িক হুমকির মুখে। তবে আশার বিষয় হলো, রামুর ঘটনা যদি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে না পারত, তাহলে বাংলাদেশে গুজরাটের মতো অবস্থা হতো। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, বর্তমানে দেশে পুলিশ বাহিনীর ওপর হামলা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা চলছে। এগুলো রামুর ঘটনার ধারাবাহিকতা। বৈঠক সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য জাকির হোসেন।বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ফরিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।