সাম্প্রদায়িকতা রুখতে চাই নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অতীতে হওয়া হামলার সুষ্ঠু বিচার হয়নি। এ কারণে সাম্প্রতিক সময়ে আবারও তাদের ওপর নির্যাতন বেড়েছে। এই নির্যাতন রোধে বিশেষ আইন, বিশেষ আদালত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। এর দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই।
‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাস-সহিংসতা রুখে দাঁড়াও: রাষ্ট্রিক ও নাগরিক করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তাঁরা বলেন, এসব পদক্ষেপের পাশাপাশি সাম্প্রদায়িকতার উত্থান রোধে শিক্ষায় সংস্কার আনতে হবে। ধর্মের রাজনৈতিক ব্যবহার রুখতে হবে। এর জন্য সমন্বিত নাগরিক ঐক্য জরুরি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘একাত্তরে আমরা কিছু পশু হত্যা করতে পেরেছিলাম। কিন্তু কিছু রয়ে গিয়েছিল। এরাই আজ সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।’
মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলতে পারে না বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, বাংলাদেশের জন্মের মূল সূত্রই ছিল অসাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতাকে রুখতে শিক্ষাকে অসাম্প্রদায়িক করতে হবে। নিষিদ্ধ করতে হবে রাজনীতিতে ধর্মের ব্যবহার।
হামলার শিকার সংখ্যালঘুদের কাছ থেকে হামলাকারীদের নাম শুনে তা প্রকাশ করা উচিত বলে মত দেন অধ্যাপক এম এম আকাশ। তিনি বলেন, এদের বিচার হোক বা না হোক, তাদের একটা লজ্জা বা অপরাধবোধ তৈরি হবে। এটাও কম কিছু নয়। গণমাধ্যম হলফনামা প্রকাশ করে মন্ত্রী-সাংসদদের আয় বৃদ্ধির লজ্জা তৈরি করেছিল। এতে কিছু ফল পাওয়া গেছে।
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘একটি হিন্দু শিশু যদি শান্তিতে ঘুমাতে না পারে, পাশাপাশি একটি মুসলিম শিশু যদি নির্ভাবনায় ঘুমায়, তবে কেমন করে বলব যে আমরা ভালো আছি?’
মুহাম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘পদ্মা সেতু থাকুক, ডিজিটাল বাংলাদেশ থাকুক। সবকিছুর থেকে বেশি জরুরি বাংলাদেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করা।’
বিশেষ আইন তৈরি বা সংখ্যালঘুদের প্রতি সহিংসতার বিচারের পাশাপাশি শিক্ষাকে সংস্কৃতিভিত্তিক করা হলে সাম্প্রদায়িকতা রোধ করা যাবে বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, তিন ধারায় বিভক্ত শিক্ষায় সংস্কৃতিভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আর শিক্ষার কাঠামোর বাইরে পরিবারে অসাম্প্রদায়িকতার চর্চার ওপর জোর দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।
গোলটেবিল আলোচনায় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৯৪৭ সাল থেকে সংখ্যালঘু নিঃস্বকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পঞ্চদশ সংশোধনী হওয়ার পরও তা চলছে।
ব্যারিস্টার তানিয়া আমীরের মতে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মামলা না হলে রাষ্ট্রের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করা।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ পড়েন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপম রায়।
অ্যাসোসিয়েশনের সহসভাপতি পান্নালাল দত্তের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যাপক অজয় রায়, অধ্যাপক কাজী খলীকুজ্জমান, প্রবীণ রাজনীতিক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও সঞ্জীব দ্রং।