সাম্প্রদায়িকতাকে পুঁজি করে ক্ষমতা চিরস্থায়ী চায় আ.লীগ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এ অঞ্চলে হিন্দু-মুসলিম একই বৃন্তে দুটি ফুলের মতো বসবাস করছে। এই সম্পর্ক নষ্ট হতে দেবেন না। বিএনপি কিংবা ১৯ দলের নেতা-কর্মীরা কখনো সাম্প্রদায়িক চেতনা লালন করে না। সরকারই এ দেশের হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যে ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই ভোটে নির্বাচিত সরকারের নৈতিক ভিত্তি নেই। বিদেশি রাষ্ট্রও তাদের বৈধতা দেয়নি। আওয়ামী লীগ বরাবরই একটি সাম্প্রদায়িক-সন্ত্রাসী দল। দলটি সব সময় সাম্প্রদায়িকতাকে পুঁজি করে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। ১৯৭৫ সালেও তারা বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে একবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জোর করে, বন্দুকের নল দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না।
জাতীয় সংসদ এখন সার্কাস দলের প্যান্ডেলে পরিণত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সেখানে বসেছে গৃহপালিত অদ্ভুত এক বিরোধী দল। এটা অনেকটা সংকরের মতো। সরকারেও আছে আবার বিরোধী দলেও আছে। প্রধানমন্ত্রী, এরশাদ, রওশন এরশাদ, আসিনুল হক মাহমুদ ও সরকারের কিছু লোকজন সার্কাসের জোকারের মতো সং সেজে ছলচাতুরি করে যাচ্ছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়ন বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল জব্বার।