সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে সে জন্য আলেমসমাজ ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, সাম্প্রদায়িকতার জন্য জনগণ নয় বরং আধিপত্যবাদী শক্তি ও ক্ষমতার কদর্য রাজনীতিই দায়ী। তারাই সাম্প্রদায়িকতার ইস্যু তৈরি করে ফায়দা হাসিল করতে চায়। জনগণ সচেতন থাকলে তারা সফল হবে না।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পার্বতী হাইস্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির এসব কথা বলেন। তিন দিনব্যাপী এই মাহফিলের দ্বিতীয় দিন ছিল গতকাল। মাহফিলের আয়োজক আল-আমিন সংস্থা।
আহমদ শফী বলেন, বাংলাদেশের মানুষ ধর্মবর্ণ-নির্বিশেষে মিলেমিশে শত শত বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় কোনো ওলামায়ে কেরাম, মাদ্রাসাছাত্র ও ধর্মপ্রাণ মুসলমান জড়িত নয়। এসব হামলার সঙ্গে কারা জড়িত সেটা জনগণের কাছে খোলাসা হয়েছে।
নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, তাবলিগ জামাতের প্রধান মুরব্বি হাফেজ জুবায়ের, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম হিযবুল্লাহ প্রমুখ।