সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অস্ত্র হবে সংস্কৃতি: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ৫ম বাংলাদেশ বইমেলার উদ্বোধন করছেন উপস্থিত অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ৫ম বাংলাদেশ বইমেলার উদ্বোধন করছেন উপস্থিত অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঘোষিত লড়াইয়ে অস্ত্র হবে সংস্কৃতি। সংস্কৃতিই পারবে বাংলাদেশ ও ভারত দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে। আর এ ক্ষেত্রে বইমেলা হবে অন্যতম এক শক্তি। কলকাতায় আজ শনিবার থেকে শুরু হওয়া নয় দিনব্যাপী ৫ম বাংলাদেশ বইমেলার উদ্বোধনী ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বই পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশে ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না। এজন্য আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে গিয়েছেন। দুই দেশের মধ্যে যে সামান্য দূরত্ব ছিল তা মুছে গেছে। হৃদ্যতা বেড়েছে। যে ছোটখাটো সমস্যা রয়েছে সে সমস্যারও সমাধান হয়ে যাবে অচিরেই। আমার প্রমাণ করেছি আমরা ভালো প্রতিবেশী।’
বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন। কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশের প্রখ্যাত কবি রবিউল হুসাইন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।

পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই বইমেলা আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও অটুট করবে। তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে একটি বইমেলা আয়োজন করারও প্রস্তাব দেন।
শুভেচ্ছা ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আমি কলকাতায় এলে রোমাঞ্চিত হই। ভাবি, কত মহৎ কবি সাহিত্যিক না এই কলকাতায় জন্মেছেন। তাই এই মেলায় এসে আমি ভাবি, এই বইমেলার মাধ্যমে আমাদের দুই দেশের সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হবে। সাংস্কৃতিক জাগরণের সেতু হবে এই বইমেলা।’

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: ভাস্কর মুখার্জি
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের বই যাতে পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে সেই লক্ষ্যে কলকাতায় বাংলাদেশের বই বিক্রির একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ার দাবি করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে মধুর সম্পর্ক। রয়েছে দুই দেশের মধ্যে বইয়ের আদান-প্রদান। তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বইয়ের চাহিদা থাকলেও বাংলাদেশের বই বিক্রির কোনো স্থায়ী বই বিক্রয়কেন্দ্র নেই।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকাতার বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির।
আজ বইমেলার উদ্বোধনের দিনে রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত বাংলাদেশ বইমেলায় বইপ্রেমী মানুষের ভিড় জমে। বইমেলা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। মেলাটির আয়োজন করে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রোববার রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এই মেলায় বাংলাদেশের ৪৮টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।