সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভা গতকাল দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা নিরীহ মানুষকে বোমা মেরে হত্যা করে, যারা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করে, যারা সহিংসতা ও সাম্প্রদায়িকতা উসকে দেয়, তারা মানুষ নয়। তারা অমানুষ। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম: দেশব্যাপী নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রথম আলো বন্ধুসভা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলশী বন্ধুসভার সদস্যরাও অংশ নেন। গতকাল বিকেলে নগরের প্রবর্তক মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীও মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।
বরিশাল: বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে বন্ধুসভার সদস্যরা সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়। এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বক্তারা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অর্জন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আছি এবং থাকব।’
যশোর: সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুেদ্ধে রুখে দাঁড়াও—এ স্লোগানে প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। যশোর শহরের চিত্রা মোড়ে আধা ঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বন্ধুসভার উপদেষ্টা মাহমুদ হাসান, ডাক্তার আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
গাইবান্ধা: ‘সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করা হয়। গাইবান্ধা বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, গাইবান্ধাসহ সারা দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, তা মূলত প্রশাসনের ব্যর্থতার কারণে হয়েছে। এ জন্য দায়ী প্রশাসনিক কর্মকর্তাদের কেবল বদলি করলেই চলবে না, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তাঁরা সাম্প্রদায়িক হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা বার অ্যাসোসিয়েশন জজ আদালতের সামনে একই দাবিতে মানববন্ধন করেন আইনজীবীরা।
ঠাকুরগাঁও: সাম্প্রদায়িক হামলাকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার ব্যানারে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তায় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ‘শান্তিপ্রিয় মানুষগুলোর মধ্যে এখন সহিংসতা ছড়িয়ে দেওয়া শুরু হয়েছে। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, সেসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই সময়।’
অভয়নগর: যশোরের অভয়নগরের চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় হামলা চালিয়ে সংখ্যালঘু ব্যক্তিদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার অভয়নগর বন্ধুসভা উপজেলা সদর নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে সচেতন অভয়নগরবাসীর ব্যানারে প্রগতি সমাজকল্যাণ সমিতির সহযোগিতায় উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেশবপুর: যশোরের কেশবপুর বন্ধুসভার উদ্যোগে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় স্থানীয় মোড় চত্বরে মানববন্ধনে বন্ধুসভা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাঈদা ইসলাম, চট্টগ্রাম; সাইফুর রহমান, বরিশাল; শাহাবুল শাহীন, গাইবান্ধা; মাসুদ আলম, অভয়নগর; মজিবর রহমান খান, ঠাকুরগাঁও; দিলীপ মোদক, কেশবপুর ও মনিরুল ইসলাম, যশোর।)