সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনোত্তর দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাস, হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখা।
প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রণজিত কুমার চৌধুরী, অধ্যাপক রণজিৎ কুমার দে, ইন্দু নন্দন দত্ত, সুভাষ চন্দ্র লালা, অজিত নারায়ণ চৌধুরী, তাপস হোড়, শ্যামল কুমার পালিত, বিজয় লক্ষ্মী দেবী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। সাম্প্রদায়িক সন্ত্রাস ও নির্যাতনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে।
সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে শেষ হয়। এদিকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে অর্জন ’৭১ নামে একটি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘পলাতক আসামি তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য উসকানি দিচ্ছে। তার অবস্থান বাঙালি জাতিসত্তা এবং রাষ্ট্রের বিরুদ্ধে। তাঁর নাগরিকত্ব বাতিলের দাবি জানাচ্ছি।’
এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক হাবিবুর রহমান তারেক, অর্জন ’৭১-র সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, ঘাতক দালাল নির্মূল কমিটির স্বপন সেন প্রমুখ।