সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে বই: অধ্যাপক আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘বইমেলায় বই-ই কথা বলে। বই পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এ জন্য আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আমি মনে করি, সংস্কৃতিই পারবে দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে। আর এই বইমেলা হবে অন্যতম এক শক্তি।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণে বাংলাদেশ বইমেলার উদ্বোধন করে এসব কথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।

আজ থেকে কলকাতায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। এবার এই বইমেলা ষষ্ঠ বছরে পা দিয়েছে। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন।


বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘বইয়ের কোনো সীমাবদ্ধতা নেই। আছে ভাষার সীমাবদ্ধতা। বই দিয়ে আমরা একটি দেশের মানুষকে জানি, চিনি। বই আমাদের জানায় এবং বইয়ের মাধ্যমে আমরা জানি। বইমেলা আমাদের দুই দেশের পাঠকের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করতে পারে।’

কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি শঙ্খ ঘোষ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, সহসভাপতি মাজহারুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল প্রমুখ।


কবি শঙ্খ ঘোষ বলেন, এই বইমেলার মাধ্যমে দুই বাংলার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে।

ওসমান গনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে মধুর সম্পর্ক। রয়েছে আমাদের দুই দেশের মধ্যে বইয়ের আদান-প্রদান। এই বইমেলা বাড়াবে আমাদের সংস্কৃতির বন্ধন।’

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘এই বইমেলা আমাদের সংস্কৃতির যোগাযোগ আরও দৃঢ় করবে। সাংস্কৃতিক জাগরণের সেতু হবে এই বইমেলা।’

বইমেলার উদ্বোধনের দিনেই রবীন্দ্র সদন চত্বরে বইমেলার বিভিন্ন প্যাভিলিয়নে ভিড় জমে যায়। কলকাতার বইপ্রেমী মানুষজন বইমেলার স্টলে স্টলে ঢুকে বাংলাদেশের বই দেখেন এবং কেনেন। বইমেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলার আয়োজক কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এই মেলা চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রোববার মেলা চলবে রাত নয়টা পর্যন্ত। এই বইমেলায় বাংলাদেশের ৪৭টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।

বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সেমিনার, কবিতাপাঠ ও গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক-পাঠক ও প্রকাশকদের মুখোমুখি অনুষ্ঠান। আজ বইমেলার উদ্বোধনের দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী মেহের আফরোজ শাওন।