সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল শনিবার সাতক্ষীরা, বগুড়া ও জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত এসব মানববন্ধন থেকে সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানোর খবর:
সাতক্ষীরা: সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সামনের সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, সিরাজুল আলম খান পাঠচক্র ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ সময় বক্তব্য দেন টিআইবির সাতক্ষীরার সভাপতি আবদুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছিম, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ প্রমুখ।
বগুড়া: বেলা ১১টায় শহরের সাতমাথায় ‘সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক মানববন্ধনে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বন্ধুসভার এই মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, গ্রুপ থিয়েটার ফেডারেশন, মুক্তিযোদ্ধা সংসদ, সংশপ্তক থিয়েটার, আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশন, খেলাঘর আসরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
ক্ষেতলাল (জয়পুরহাট): বেলা তিনটায় ক্ষেতলাল উপজেলা গেটসংলগ্ন সদর সড়কে সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা কলেজের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা অনতিবিলম্বে বন্ধ করে সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করতে হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে।