সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিপিবির সমাবেশ
দেশে সাম্প্রদায়িক হামলা রুখে দিতে সমাবেশ ও মিছিল করেছে কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী ও বান্টি বাজারে পৃথক কর্মসূচি পালন করে সংগঠনটি।
উভয় সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা শাখার সম্পাদক বিমল বর্মণ। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, জেলা কমিটির সদস্য লোকনাথ বর্মণ প্রমুখ।
মুজাহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার সঙ্গে ক্ষমতাসীন দল ও প্রশাসনের কিছু কর্তাব্যক্তির নাম উঠে এসেছে। বিভিন্ন জেলায় প্রতিমা ও মন্দির ভাঙার সঙ্গে নিজ নিজ জেলার ক্ষমতাসীন দলের কারও কারও যুক্ত থাকার প্রমাণ মিলেছে। গাইবান্ধার চারজন সাঁওতালকে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও জমি থেকে উচ্ছেদের ক্ষেত্রে স্থানীয় সাংসদ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে জনগণ অভিযোগ তুলেছে। সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মুজাহিদুল ইসলাম বলেন, সমাজে সাম্প্রদায়িকতার প্রভাব বাড়ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর জুলুম-অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। তাদের জীবন, সম্পত্তি, জমিজমা পরিকল্পিত হামলার শিকার হচ্ছে। তাদের ওপর হামলা করছে সাম্প্রদায়িক গোষ্ঠী, দখলদার, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সংখ্যালঘুদের দেশান্তরের ঘটনাও বাড়ছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনসহ অনেক কালাকানুনের কুফল তাদের ওপর চেপে বসে আছে। দেশের সংখ্যালঘু হিন্দুসম্প্রদায় ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা, বৌদ্ধ, খ্রিষ্টান ও অনেক ক্ষেত্রে ভিন্ন তরিকায় অনুসারী মুসলমানের ওপরও আক্রমণ বাড়ছে। সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের সব বাম ও প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।