সাম্প্রদায়িকসম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা ইস্যুকে ঘিরে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ। গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় এ আহ্বান জানান তিনি।

 সভায় রেজাউল মাসুদ বলেন, বেশ কিছু ধর্মীয় মাহফিলে নির্ধারিত বিষয়ে আলোচনা না করে বারবার রোহিঙ্গা ইস্যুকে নিয়ে আসা হচ্ছে। কেউ কেউ উসকানি দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ বলেন, স্বাধীনতাবিরোধী চক্র সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় রয়েছে। এদের কঠোরভাবে দমন করতে হবে।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমান বলেন, ডিসেম্বর মাসে চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিনব্যাপী ইজতেমা, মাইজভান্ডারি শরিফের ওরস, ঈদে মিলাদুন্নবীর জুলুস, বড়দিনসহ অনেক গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এসব অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।