
অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। সব অশুভ শক্তির হাত থেকে দেশকে মুক্ত করা হবে। এই শক্তিকে রুখতে সরকারের তৎপরতা অব্যাহত থাকবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে কুমিল্লায় জাতীয় পর্যায়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কুমিল্লা টাউন হল মাঠে বিকেল চারটায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। দীর্ঘ ২৩ বছর পর এ জেলায় কবি নজরুলের স্মৃতিবিজড়িত এলাকায় এ রকম অনুষ্ঠান হলো। অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরে সংস্কৃতিপ্রেমীদের ঢল নেমেছিল। নগরজুড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ, ফেস্টুন ও ব্যানার ছিল চোখে পড়ার মতো। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘নজরুলের অগ্নিঝরা কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে ছিল অনন্ত প্রেরণার উৎস। জাতির পিতা বজ্রকণ্ঠ দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা এনেছেন। কবি নজরুলের লেখনী এ ক্ষেত্রে তাঁকে প্রেরণা দিয়েছে। বঙ্গবন্ধু বিপ্লবী নেতা ছিলেন। নজরুল ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা। তাঁরা একে অন্যের মনকে বুঝতে পেরেছেন। নজরুল আমাদের সংস্কৃতি ও সংগীতকে সমৃদ্ধ করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লায় নজরুল ব্রিটিশবিরোধী আন্দোলন করেছেন। এখান থেকে হারিয়েছেন, পেয়েছেন এবং দিয়েও গেছেন। যে কারণে এখানে আমরা অনুষ্ঠান করছি। তিনি সমাজের সর্বস্তরের মানুষের কথা লিখেছেন। ধনী-দরিদ্র, নারী-পুরুষের কথা তাঁর লেখনীতে ফুটে উঠেছে। তিনিই উচ্চারণ করেছেন নারী অধিকারের কথা। তাঁর লেখায় কুলি, হরিজন, সাধারণ শ্রমিক, কৃষক, কামার, কুমার কেউ বাদ যায়নি। তাঁর কবিতা পড়লে মনে হয় সবকিছুই তিনি লিখে গেছেন। তাঁর লেখনীতে ছিল অসাম্প্রদায়িক চেতনা। তিনি মানুষের চেতনাকে জাগ্রত করেছেন।
প্রধানমন্ত্রী সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে বলেন, যার বিরুদ্ধে নজরুল সোচ্চার ছিলেন, আমরা সেই জ্বালাও-পোড়াও করেছি। মানুষ হয়ে মানুষের ক্ষতি করছি। ৫ জানুয়ারি থেকে টানা ৯২ দিন এ দেশে জ্বালাও-পোড়াও আন্দোলন হয়েছে।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশে আরও কয়েকটি বিভাগ হবে। বৃহত্তর কুমিল্লাকে নিয়ে ভবিষ্যতে বিভাগ করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘বিভাগের নাম কি কুমিল্লা হবে, নাকি অন্য কিছু হবে?’ এ সময় উপস্থিত সুধীরা হাত তুলে কুমিল্লার পক্ষে মত দেন। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি কুমিল্লাবাসী কোনো কুকর্ম করবে না। সুকর্ম করবে।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ‘কুমিল্লায় নজরুল: ভিন্নমাত্রা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন লেখক শান্তনু কায়সার। এরপর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। এর আগে প্রধানমন্ত্রী সুইচ টিপে ২৫৫ কোটি ১২ লাখ টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।