সাম্রাজ্যবাদ ও মৌলবাদী ষড়যন্ত্র রোখার আহ্বান নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী নবম কংগ্রেস শুরু হয়েছে। এতে পাঁচটি দেশের ১৫টি সমমনা দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
গতকাল বিকেল চারটায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে নবম কংগ্রেসের উদ্বোধন করা হয়। এ সময় দলীয় ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করা হয়। রাজশাহী শহরে এর আগে ২০০০ সালে ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার জন্য বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতায় ফিরে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশ এখন শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-বিএনপির নেতৃত্বে দুই ভাগে বিভক্ত। এর মাঝামাঝি কোনো জায়গা নেই। তিনি বলেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বেই পাঁচ বছর পরে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড নুরুল হাসান, হাফিজুর রহমান ভুঁইয়া প্রমুখ।