
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ও ‘ঢাকা ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে গতকাল রোববার তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শেষ হয়েছে। শেষ দিনে অনুভূতি প্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হতে এই অঞ্চলের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
উদীচীর আয়োজনে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শুরু হয় ১৯ ফেব্রুয়ারি। এর উদ্বোধন করেন কামাক্ষ্যা রায় চৌধুরী, জসীম উদ্দিন মণ্ডল এবং অধ্যাপক যতীন সরকার। কনভেনশনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন ও জাপানের প্রতিনিধিরা অংশ নেন।
উদীচীর সভাপতি কামাল লোহানীকে আহ্বায়ক করে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক মঞ্চ গঠিত হয়েছে। মঞ্চের কার্যকরী কমিটির সদস্য ১৫ জন। এই মঞ্চ আগামী দিনে দক্ষিণ এশীয় দেশগুলোতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম পরিচালনা করবে। সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষণা পাঠ করেন কামাল লোহানী। এ ঘোষণায় স্বাক্ষর করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা।
ঢাকা ঘোষণায় প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের ভাবাদর্শের বিরুদ্ধে লড়াই করা; মত ও অনুভূতি প্রকাশের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হওয়া; সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার, শান্তি, লিঙ্গসমতা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করা; যুদ্ধে ও সাম্রাজ্যবাদী সামরিক জোটগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলা হয়।
কনভেনশনের দ্বিতীয় দিনে অধ্যাপক যতীন সরকার বলেন, বাংলার কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ একই সঙ্গে ধর্মভীরু ও অসাম্প্রদায়িক। আর মৌলবাদীরা নানা অপকৌশলে মানুষের মনে অসাম্প্রদায়িকতার এই ভিত্তিটিকে দুর্বল করে দিতে চাইছে। এদের রুখতে হবে।
গতকাল সমাপনী দিনে বিপ্লব রায়হানের গ্রন্থনায় গীতি-আলেখ্য স্বাধীনতার গল্প পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।