সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একযোগে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে সাউথ এশিয়ান পিপলস ফোরামের সেমিনারে। এ লড়াইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। 

রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সোমবার ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দক্ষিণ এশিয়া চাই’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এই অঙ্গীকার করেন। সেমিনারে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারের উদ্বোধন করে আওয়ামী লীগ দলীয় সাংসদ ইসরাফিল আলম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করা হবে।
মূল প্রবন্ধে মাসুদ হোসেন খান বলেন, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়ন করতে হবে। তিনি বলেন, এ অঞ্চলে ধর্মভিত্তিক সংঘাত ছাড়াও জাতিগত সংঘাত আছে। এখানকার মানুষের মধ্যে সহনশীলতারও অভাব আছে।
প্রধান অতিথির বক্তব্যে জাসদের সাংসদ শিরিন আখতার বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দক্ষিণ এশিয়ার মানুষদের এক জায়গায় দাঁড়াতে হবে। এ অঞ্চলে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী যে সংগ্রাম চলছে, তাতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদের জঞ্জাল মুক্ত করতে হলে গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না।
সেমিনারে ভারতের প্রতিনিধি মানিক সমজদার বলেন, ১৮৫৭ সালের পর এ অঞ্চলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। আর বর্তমানে সন্ত্রাস করছে মার্কিন সাম্রাজ্যবাদ। তবে আন্তরিকভাবে কাজ করা হলে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল করা সম্ভব। নেপালের প্রতিনিধি চেত নারায়ণ দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস নির্মূলে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা ঘোষণায় সুবল সরকার বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে হলে প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
সেমিনারে সভাপতির বক্তব্যে সাউথ এশিয়ান পিপলস ফোরামের, বাংলাদেশ শাখার সভানেত্রী লাভলী ইয়াসমিন বলেন, ‘আমরা সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে আছি। সামনে অনেক কাজ বাকি। আমাদের এগিয়ে যেতে হবে। এ লড়াইয়ে জিততে হবে।’
কাল মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ে ভারত ও নেপালের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হবে। পরে তাঁরা সেখানে সমাবেশে যোগ দেবেন।