সাম্রাজ্যবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন প্রচণ্ড
সাম্রাজ্যবাদবিরোধী এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ শনিবার ঢাকায় আসছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) চেয়ারম্যান পুষ্প কমল দহল প্রচণ্ড।২৭, ২৮ ও ২৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি-ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি (আইএপিএসসিসি)’-এর সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ঢাকার এই আয়োজনটি হবে সাম্রাজ্যবাদবিরোধী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এর আগে ভারত ও লেবাননে প্রথম দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আক্রমণ, হামলা, দখল এবং অবরোধের বিষয়ে এ সম্মেলনে আলোচনা হবে। একই সঙ্গে বাসদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্যাপিত হবে।বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রথম আলোকে জানান, নেপালের কমিউনিস্ট পার্টির নেতা প্রচণ্ড ছাড়াও এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল রামজে ক্লার্ক, ভারতের কমিউনিস্ট নেতা মানিক মুখোপাধ্যায় এবং লেবানন, জর্ডান, ইরান, কানাডা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ ২৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।