সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া—এসইউসিআইয়ের (কমিউনিস্ট) পলিটব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি বলেছেন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের কালো থাবা নীতি-নৈতিকতার বিকাশকে বাধাগ্রস্ত করছে। এই অধঃপতন ঠেকাতে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বর্তমান প্রেক্ষিতে সাংস্কৃতিক আন্দোলন ও আমাদের কর্তব্য’ শীর্ষক আলোচনার আয়োজন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম। মানিক মুখার্জি এতে প্রধান আলোচক ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মানস নন্দী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সীমা দত্ত, ইন্দ্রানী ভট্টাচার্য প্রমুখ।মানিক মুখার্জি বলেন, ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনের সর্বগ্রাসী থাবায় মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধ অবক্ষয়ের শেষ সীমায় নেমে এসেছে। খুব পরিকল্পিতভাবেই এটা করা হচ্ছে। ফলে আমাদের সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন—সবক্ষেত্রেই এর অশুভ ছায়া পড়েছে। এরই প্রভাবে শর ৎচন্দ্র, রবীন্দ্র, নজরুলের সাহিত্যকর্ম থেকে দূরে সরে পড়ছে আমাদের যুবসমাজ। ব্যক্তিবাদ ও স্বার্থবাদ তাদের বিপথে চালিত করছে। তারা সমাজের কাজে এগিয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে। এ কারণে খেলাধুলা, সংস্কৃতি—সব ক্ষেত্রে বিপর্যয়ের ছায়া পড়ছে।’ তিনি মানবিকতার এই বিপর্যয় ঠেকাতে যুবসমাজের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।