সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেশে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসন বন্ধ করতে হবে। এ জন্য বাম শক্তিগুলোসহ সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সাম্রাজ্যবাদী শক্তি যতই শক্তিশালী হোক, তাদের পরাজয় ও জনতার জয় নিশ্চিত।ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বক্তারা এ কথা বলেছেন। ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি’র (আইএপিএসসিসি) সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।সম্মেলনের অংশ হিসেবে গতকাল মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ‘রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদী আক্রমণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ওয়ার্কার্স ওয়ার্ল্ড পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সারা ফ্লাউন্ডার্স। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে। আগামী বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জি-৮ দেশগুলোর সম্মেলন হবে। ওই সময় সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদবিরোধী সমাবেশ করা যেতে পারে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বিপ্লব ঠেকাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছে। আজ আবার সাম্রাজ্যবাদী ওই শক্তি বাংলাদেশের তেল-গ্যাসসম্পদ লুট করতে চাইছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।লেবাননের অধ্যাপক মোহাম্মদ তাই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাচ্ছে। এ ক্ষেত্রে তাদের বড় বন্ধু সৌদি আরব। এর থেকে আরব বিশ্বকে বেরিয়ে আসতে হবে।মিসরের নাগরিক আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করে দেশটির কমিউনিস্ট নেতা মোয়াতাজ মাহমুদ জাকি এলেহেফনাওয়ি বলেন, মিসরের নাগরিকদের প্রথম দফা আন্দোলন শেষ হয়েছে। দ্বিতীয় দফায় আন্দোলন চলছে সামরিক শাসকদের বিরুদ্ধে।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘বাংলাদেশে যে সরকারই আসে, তারা সাম্রাজ্যবাদের তাঁবেদারি করে। কেউ করে ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য। এ দেশে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য হলো পেপসি কোলা আর কোকাকোলা। এর বিরুদ্ধে তৃতীয় শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।’লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ একসঙ্গে চলে। ১৭৫৭ সাল থেকে আমরা সাম্রাজ্যবাদী শক্তির অপশাসন দেখে আসছি। এদের বিরুদ্ধে লড়াই করেছে এ দেশের সাধারণ মানুষ। আজও সারা বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের ঐক্য দরকার।’এই আলোচনার আগে গতকাল সকালে প্রতিনিধি অধিবেশন (ডেলিগেট সেশন) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএপিএসসিসির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি। বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কোরিয়ান কমিটি ফর আফ্রো-এশিয়ান সলিডারিটির (উত্তর কোরিয়া) সম্পাদক রি ছং, ফিলিপিনভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল লিগ অব পিপলস স্ট্রাগলের সহসভাপতি নেদারল্যান্ড থেকে আসা বিল ডোয়ার্স প্রমুখ।