পার্কের মূল ফটক তালাবদ্ধ। ফটকে লাগানো নোটিশে লেখা, ‘পার্কের উন্নয়নকাজ চলিতেছে, জনসাধাণের যাতায়াত ও ব্যবহার সাময়িক বন্ধ থাকিবে।’ এই সাময়িক নোটিশের ঘোষণা পার হয়েছে প্রায় তিন বছর। মরচে ধরছে নোটিশের সেই নির্দেশনাফলকেও (সাইনবোর্ড)। তার পরও খোলা হচ্ছে না পটিয়ার একমাত্র শিশুপার্ক। ২০১১ সালের আগস্ট মাস থেকেই চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন পার্কটি বন্ধ হয়ে আছে।
জানা যায়, ২০১০-১১ অর্থবছরে রাইড বাড়ানো ও সীমানাপ্রচীর নির্মাণসহ সার্বিক উন্নয়নের জন্য পার্কটি সাময়িকভাবে বন্ধ করা হয়। বরাদ্দ দেওয়া হয় ১০ লাখ টাকা। কার্যাদেশ পেয়ে ঠিকাদার কাজও শুরু করেন। কিন্তু কিছুদিন পর ঠিকাদার কাজ শেষ না করে চলে যান। এর পর থেকে উন্নয়নকাজ বন্ধ থাকে। পরে তিন মাস আগে অসম্পন্ন কাজ শেষ করতে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। এতে বরাদ্দ দেওয়া হয় তিন লাখ ৬০ হাজার টাকা। কাজ পান ঠিকাদার আবদুল হাকিম।
খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা ও হুলাইন ছালেন নূর কলেজের সহকারী অধ্যাপক অজিত কুমার মিত্র বলেন, এটি পটিয়ার একমাত্র শিশুপার্ক। ছোট পরিসরের পার্কটিতেও দর্শনার্থী থাকত। কিন্তু বেশ কয়েক বছর ধরে এটি বন্ধ থাকায় শিশুরা নিজস্ব বিনোদনের জন্য ছুটে যায় ভিডিও গেমসের দোকানে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ১৯৮২ সালে পটিয়া উপজেলা সদরের ডাকবাংলো চত্বরের পুকুরপাড়ে জেলা পরিষদ এই শিশুপার্কটি নির্মাণ করে। একই বছর ১৭ জানুয়ারি পার্ক উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক নাজমুল আলম সিদ্দিকী। এর পর থেকেই স্থানীয় লোকজনের বিকেলে বেড়ানোর অন্যতম স্থানে পরিণত হয় এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে পার্কটি বন্ধ হওয়ার আগে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, পার্কের আটটি দোলনা, আটটি স্লাইডসহ (ছড়ছড়ি) অন্যান্য রাইডে মরচে ধরেছে। পাকা বেঞ্চগুলোতেও বসার অবস্থা নেই। সবচেয়ে দৃষ্টিকটু পার্কে ঢোকার মুখে গড়ে ওঠা সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ররীন্দ্র শ্রী বড়ুয়া বলেন, সেই সময়ে ঠিকাদার প্রাচীর ও খেলাধুলার জিনিসপত্র স্থাপনের কাজ অর্ধসমাপ্ত রেখে চলে যান। ফলে অসমাপ্ত কাজ করার জন্য নতুনভাবে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে কাজ চলছে। দ্রুত কাজ শেষ করার মধ্য দিয়ে পার্কটি সবার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে।