সাময়িক বরখাস্ত মেয়র মান্নান আরেক মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপির ভাইস চেয়ারম্যান কারাগারে বন্দী এম এ মান্নানকে জয়দেবপুর থানার নাশকতার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক তাঁকে গ্রেপ্তারের আদেশ দেন। এ নিয়ে এম এ মান্নানের বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে। এর মধ্যে আদালত থেকে তিনি ২৬ মামলায় জামিন লাভ করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ২০১৩ সালের ৩০ জানুয়ারি রাতে সিটি করপোরেশনের রুপা গার্মেন্টসের সামনে জামায়াত ও বিএনপির কর্মীরা ঢাকাগামী বন্যা পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পরদিন জয়দেবপুর থানা–পুলিশ অজ্ঞাত ৪০-৫০ জন জামায়াত-শিবির ও বিএনপির কর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। পরে তদন্তকালে ওই ঘটনায় এম এ মান্নানের বিরুদ্ধে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন।