সাময়িক বরখাস্ত মেয়র মান্নান দুই মামলায় তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে নাশকতার দুই মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। গাজীপুরের পৃথক দুটি আদালতে গতকাল বুধবার দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, জয়দেবপুর থানার একটি মামলায় এম এ মান্নানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনের শুনানির পর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের বিচারিক হাকিম আদালত-৩। কালিয়াকৈর থানার আরেকটি মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ মান্নান ও তাঁর ভাই আবদুল কাদেরের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে আগুন দেওয়ার মামলায় পুলিশ গত ১৫ এপ্রিল এম এ মান্নানকে গ্রেপ্তার করে। একই দিনে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।