সাময়িক ভরণপোষণ পাচ্ছেন সেই মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আদালতের মাধ্যমে ছেলের কাছ থেকে সাময়িক ভরণপোষণ পেতে যাচ্ছেন মা জহুরা বেগম। ভরণপোষণ দেবেন—এমন শর্তে ছেলেকে বসতভিটার জমি লিখে দিয়েছিলেন বৃদ্ধ মা-বাবা। কিন্তু সম্পত্তি পাওয়ার পর মা-বাবাকে বাসা থেকে বের করে দেন ওই সন্তান। স্থানীয় জনপ্রতিনিধিদের ধরে ছেলের কাছে দৈনিক ১০০ টাকা ভরণপোষণের দাবি জানালে তাতেও আপত্তি করেন ছেলে। বাধ্য হয়ে নিজের ও বৃদ্ধ স্বামীর ভরণপোষণের দাবি তুলে ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা।

আদালতের নির্দেশে সেই সন্তান সেলিম সরদার আজ মঙ্গলবার ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সুমন হোসেন তাঁকে (সেলিম) মামলা শেষ না হওয়া পর্যন্ত মায়ের হাতে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা দেওয়ার নির্দেশ দেন।

এই বৃদ্ধ মা-বাবা হলেন জহুরা বেগম (৬০) ও পাচু সরদার (৭৫)। তাঁদের বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গাজনা গ্রামে।

জহুরা বেগমের আইনজীবী মানিক মজুমদার বলেন, সমন পেয়ে আজ সেলিম সরদার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত এক হাজার টাকা জামিননামায় জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মামলা চলাকালে মায়ের ভরণপোষণের জন্য তাঁকে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে দেওয়ার আদেশ দেন। প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে মায়ের হাতে এ টাকা দিতে হবে। এ সময় আদালতে জহুরা বেগম (৬০) ও পাচু সরদার (৭৫) উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, জহুরা বেগম ও পাচু সরদার দম্পতির দুই ছেলে। বড় ছেলে মুরাদ সরদার অনেক আগেই আলাদা হয়ে যান। তাঁরা ছোট ছেলে সেলিমের সঙ্গে থাকতেন। তাঁদের বসতভিটা ভরণপোষণের শর্তে ছোট ছেলে সেলিম সরদারকে লিখে দেন।