যান চলাচলের অনুপযোগী নীলফামারী-ডোমার ২২ কিলোমিটার সড়ক সাময়িকভাবে মেরামতের পরিকল্পনা করছে সরকার। এ উদ্দেশে গতকাল রোববার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রংপুর) এম এম শরীফুল ইসলাম ওই সড়ক পরিদর্শন করেছেন। চলমান আরএনআইএমপি-২ প্রকল্পের আওতায় হাইওয়ে করার দাবিতে আন্দোলন করে আসছেন এলাকাবাসী। আন্দোলনকারীরা বলছেন, সাময়িকভাবে সড়কটি মেরামতের পরিকল্পনা করা হলে তাতে শুধু সরকারের কয়েক কোটি টাকা জলে ঢালা হবে।নীলফামারী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সড়কটি পিএমপি প্রকল্পের আওতায় মেরামত করা হবে বলে জেনেছি। এ কাজে অন্তত আট কোটি টাকা খরচ হতে পারে।’সাময়িকভাবে মেরামতের উদ্দেশে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওই সড়ক পরিদর্শনে গেছেন—এমন খবরের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে নীলফামারী চেম্বার ভবনে জরুরি সভা হয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বাসমালিক সমিতির সভাপতি ও জেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী, জেলা বিএমএর সভাপতি মমতাজুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের সদস্য মজিবুল হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীদ মাহমুদ, সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস প্রমুখ।বক্তারা বলেন, ‘রাস্তা সমপ্রসারণের জন্য সরকারকে আমরা জমি দিয়েছি। এখন বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, সড়কটি সাময়িকভাবে মেরামত করার পরিকল্পনা করছে সরকার। সাময়িক মেরামত করা হলে ওই সড়ক ছয় মাসও টিকবে না। মাঝখান থেকে সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে।’চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘শহরের গাছবাড়ী এলাকার প্রতি শতাংশ জমির মূল্য কমপক্ষে আট লাখ টাকা। কিন্তু আমাদের দেওয়া হয়েছে ৯৫ হাজার টাকা করে। মহাসড়কের আশায় আমরা সরকারকে জমি দিয়েছি। অধিগ্রহণের কাজও শেষ হয়েছে। এখন মেরামতের নামে জোড়াতালি দেওয়া চলবে না।’চলমান প্রকল্পের আওতায় সড়কটির সংস্কারের দাবিতে এলাকাবাসী ২৭ ডিসেম্বর মানববন্ধন ও ২২ কিলোমিটার সড়কজুড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।