সায়রা মহসিন ছাড়া বাকি চারজনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাইয়ের পর গতকাল শনিবার ‘বিভিন্ন ত্রুটির’ কারণে রিটার্নিং কর্মকর্তা প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ছাড়া অন্য চারজনের মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির-জাপা (এরশাদ) সৈয়দ নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সুহেল আহমদ। ফলে এখন একক বৈধ প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন। গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, বাতিল হওয়া স্বতন্ত্র দুজনের মনোনয়নপত্রে বিধি অনুযায়ী যে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর রয়েছে তাতে নির্বাচন কমিশনের অনুসন্ধানে ভুয়া স্বাক্ষর পাওয়া গেছে। জাপা প্রার্থীর মনোনয়নপত্রে প্রতীক বরাদ্দের জন্য যে চিঠি দেওয়া হয়েছে, তা ছিল জেলা কমিটির সভাপতির। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের চিঠি থাকার কথা। এ ছাড়া বিএনএফ প্রার্থীর প্রস্তাবক ও সমর্থনকারী হিসেবে যাঁদের নাম মনোনয়নপত্রে দেওয়া হয়েছে, তাঁরা গতকাল শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে হলফনামা দিয়ে বলেছেন, তাঁরা এ দল করেন না। এ স্বাক্ষরও তাঁদের নয়।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৩ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে।’
১৪ সেপ্টেম্বর সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ৮ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে।