ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর চৌধুরী নামের আরেক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে গাইবান্ধা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্তর চৌধুরীকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে গাইবান্ধা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে তাঁর ফুফুর বাড়িতে পালিয়ে ছিলেন। তাঁকে গাইবান্ধা থেকে ময়মনসিংহ নিয়ে আসা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সায়াদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম তদন্ত কমিটি ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে দোষী সাব্যস্ত করে শাস্তির সুপারিশ করে। গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আবাসন বোর্ডের সুপারিশে জরুরি সিন্ডিকেট সভায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এই ছয় ছাত্রের মধ্যে সায়াদ হত্যাকাণ্ডের মূল হোতা ছাত্রলীগের নেতা সুজয় কুমার কুণ্ডু ও কর্মী রোকনুজ্জামানকে হত্যাকাণ্ডের পরদিন ২ এপ্রিল ময়মনসিংহের ব্রিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্তর চৌধুরীও বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর বা চার সেমিস্টারের জন্য বহিষ্কৃত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গত ৩০ মার্চ পরীক্ষা পেছানো নিয়ে ছাত্রলীগের নেতা সুজয় কুমার কুণ্ডুর সঙ্গে সায়াদের কথা বাগিবতণ্ডা হয়। এর জের ধরে পরদিন সন্ধ্যায় আশরাফুল হক হলের একটি কক্ষে সায়াদকে ডেকে নিয়ে রড, লাঠি, হকিস্টিক দিয়ে নির্মমভাবে পেটানো হয়। ওই রাতে সায়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ এপ্রিল বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান সায়াদ। সায়াদ হত্যাকাণ্ডে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় এক মাস বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।