সায়াদ হত্যাকাণ্ডের বিচার ও অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ হত্যার ঘটনায় সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও আগামী সিন্ডিকেটে তা উত্থাপনের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এদিকে আন্দোলনের পরও সেমিস্টার ফি বহাল রাখায় ফের আন্দোলন করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ১ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আগে শর্তসাপেক্ষে ক্লাসে ফিরে যান তাঁরা। কিন্তু ‘সকল’ খুনিদের শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত তাঁরা কোনো পরীক্ষা দেবেন না বলে জানান। এরপর ১৮ মে সম্পূরক তদন্ত কমিটি উপাচার্যের কাছে  প্রতিবেদন দেয়। কিন্তু উপাচার্য এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন তাঁরা। এদিকে ২৯ মে সিন্ডিকেট সভা ডাকা হলেও সেখানে সায়াদ হত্যার বিষয়টি উত্থাপন করা হবে না বলে তাঁরা জানতে পেরেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে আবারও ক্ষোভের সঞ্চার হয়েছে।

আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর এক ঘণ্টা পর বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি প্রশাসনিক ভবন থেকে জব্বারের মোড় হয়ে বিভিন্ন অনুষদ ভবন, কে আর মার্কেট প্রদক্ষিণ করে উপাচার্যের বাসার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সেমিস্টার ফি প্রত্যাহারে আন্দোলন

বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অতিরিক্ত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। আগে এই ফি ৫৮০ টাকা থাকলেও তা বাড়িয়ে ১৭৮০ টাকা করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৭তম সভায় অতিরিক্ত এ ফি বহাল রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। বেলা একটার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা ছাত্রবিষয়ক বিভাগ ও প্রক্টর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।