সার আসছে না, দাম বাড়ছে, চাষিদের দুই কোটি টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের কারণে পণ্য পরিবহন-ব্যবস্থা ভেঙে পড়েছে। এই সুযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে চলতি রবি মৌসুমে সারের পেছনে কৃষকদের অতিরিক্ত দুই কোটি ২৬ লাখ টাকা গচ্চা দিতে হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে এ উপজেলায় ১৮ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ করা হচ্ছে। উত্তরাঞ্চলের প্রধান আলু উৎপাদনকারী উপজেলা এটি। এর পাশাপাশি এক হাজার ৬০০ হেক্টর জমিতে শাকসবজি ও এক হাজার হেক্টর জমিতে বোরোর বীজতলা করা হয়েছে। এসব আবাদ সুষ্ঠুভাবে ঘরে তুলতে ইউরিয়া তিন হাজার ৫০০ মেট্রিক টন, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এক হাজার ২০০, মিউরেট অব পটাশ (এমওপি) এক হাজার ৫০০ ও ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ৭০০ মেট্রিক টন প্রয়োজন।
গত শুক্রবার সকালে উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, সরকারিভাবে প্রতি বস্তা (৫০ কেজি) ইউরিয়ার দাম ৮০০ টাকা হলেও এখন তার দাম নেওয়া হচ্ছে গড়ে এক হাজার টাকা, টিএসপি প্রতি বস্তা এক হাজার ১০০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে এক হাজার ২৫০ টাকা, এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকার জায়গায় গড়ে ৮০০ টাকা ও ডিএপি এক হাজার ৩৫০ টাকার জায়গায় গড়ে এক হাজার ৬০০ টাকা।
ফলে সরকারি দরের চেয়ে এ উপজেলার কৃষকদের ফসল উৎপাদন করতে গিয়ে সারের পেছনে দুই কোটি ২৬ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে ইউরিয়ার জন্য এক কোটি ৪০ লাখ টাকা, টিএসপির জন্য ৩৬ লাখ টাকা, এমওপির জন্য ১৫ লাখ টাকা ও ডিএপি সারের জন্য ৩৫ লাখ টাকা বেশি ব্যয় হচ্ছে। সরকারি মূল্যের চেয়ে ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করলেও এর বিপরীতে কোনো ভাউচার দিচ্ছেন না।
এ ছাড়া দোকান বা ডিলারদের দোকানে বিক্রি তালিকা ঝুলানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে অচিরেই দাম আরও বাড়বে বলে ব্যবসায়ীরা কৃষকদের জানিয়েছেন।
উপজেলার চন্দনপুর গ্রামের আলুচাষি খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আলুই প্রধান ফসল। এখন খেত বাঁধাইয়ের সময়। এ সময় ইউরিয়া সারের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদামতো সার মিলছে না। সার পাওয়া না গেলে ফসল উৎপাদন হুমকিতে পড়বে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক সার ব্যবসায়ী বলেন, ‘টানা হরতালের কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। তাই আমাদের কাছ থেকে ডিলাররা সারের বেশি দাম নিচ্ছেন। আমরা বেশি দামে সার কিনি তাই কৃষকদের কাছ থেকেও বেশি দাম নিতে হয়।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, হরতাল-অবরোধে পরিবহন সমস্যায় সরকারি গুদাম থেকে সুষ্ঠুভাবে সার সরবরাহ করা যাচ্ছে না। তাই বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে এটা সাময়িক।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ উপজেলায় সারের কোনো সংকট নেই। তার পরও খুচরা বিক্রেতারা কিছু বেশি দাম নিতে পারেন। কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’