নীলফামারীতে সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন ৭৪ জন ডিলার। দিনাজপুরের পার্বতীপুর বাফার গুদাম থেকে ছেঁড়া ও ফাটা বস্তায় জমাটবাঁধা নিম্নমানের সার সরবরাহের অভিযোগে গতকাল বুধবার দুপুর থেকে তাঁরা সার উত্তোলন বন্ধ রাখেন। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দেন তাঁরা।
সার ডিলারদের সংগঠন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘পার্বতীপুর বাফার গুদামে (সার সরবরাহের গুদাম) চায়না থেকে আমদানি করা ইউরিয়া সার ছেঁড়া ও ফাটা বস্তায় সরবরাহ করা হচ্ছে। অনেক বস্তার সার জমাটবাঁধা। ছেঁড়া-ফাটা বস্তায় নিম্নমানের ওই জমাটবাধা সার কৃষকেরা ক্রয়ে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে গতকাল দুপুর থেকে আমরা ওই গুদাম থেকে সার উত্তোলন বন্ধ রেখেছি। এরপরও সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন থেকে বিরত থাকব।’ তিনি আরও বলেন, ৭৪ জন ডিলারের নামে চলতি মাসে জেলায় বরাদ্দ রয়েছে সাড়ে ছয় হাজার মেট্রিক টন ইউরিয়া সার।
এ ব্যাপারে পার্বতীপুর বাফার গুদামের দায়িত্বরত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘গুদাম থেকে একজন ডিলারকেও আমরা কখনো সারের ছেঁড়া-ফাটা বস্তা নিতে বাধ্য করি না। ব্যবহারের অনুপযোগী সার এখান থেকে সরবরাহ করা হয় না। জমাটবাঁধা সারের বস্তা বাছাই করে আলাদা করে রাখা হচ্ছে। চায়না থেকে আমদানি করা সারের মান উন্নত। কিন্তু অনেক দূর থেকে আসায় দেখতে বস্তার মান কিছুটা খারাপ দেখাচ্ছে। মূলত চায়না থেকে আসা ইউরিয়া সারের দানা কিছুটা মোটা হওয়ায় ডিলাররা নিতে অনীহা দেখাচ্ছেন। জেলায় এ মাসের বরাদ্দ সারের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করা হয়েছে।’